নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের খানপুর বরফকল এলাকায় ফাস্টফুটের খাবারের বিল না দেওয়াকে কেন্দ্র করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরফকল খেয়াঘাট এলাকায় মাই লাইফ কেয়ার ফাস্টফুড নামের একটি খাবারের দোকানে পরিবার নিয়ে খেতে যান জেলা ডিবি পুলিশের এএসআই আমিনুল ও এএসআই বকুল। এ সময় ‘মিল্কসেইক কফি’ খাওয়ার পরে সেটি ভালো হয়নি দাবি করে বিল দিতে তারা রাজি না হওয়ায় ফাস্টফুড মালিকের দুই ছেলে আলামীন ও সোহাগের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ডিবি পুলিশের এই দুই কর্মকর্তা তাদের দুই ভাইকে মারধর করেন। খবর পেয়ে তাদের বাবা স্থানীয় যুবলীগ নেতা জালালউদ্দিন ও তার স্ত্রী রিনা ইয়াসমিন ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারধর করা হয়। এ সময় এলাকাবাসী এগিয়ে গিয়ে ওই দুই এএসআইকে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে ডিবির পরিদর্শক মাসুদ, এসআই মিজান ও এসআই সায়েম ঘটনাস্থলে গেলে এলাকাবাসী তাদেরকেও পিটুনি দেয়। পরে ডিবি পুলিশের অতিরিক্ত দল ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। যুবলীগ নেতা জালাল, তার স্ত্রী রিনা, দুই পুত্র আলামিন ও রবিনকে খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এবং ডিবি পুলিশের আহত পাঁচ কর্মকর্তাকে একশ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ডিবির এসআই মিজান, এসআই সায়েম, যুবলীগ নেতা জালাল, তার দুই ছেলে আলামিন ও রবিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনা তদন্তের জন্য তাকে প্রধান করে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় যদি ডিবি পুলিশের কোনো কর্মকর্তা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


