নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পৌর কাউন্সিলর নিহত

 জেলা প্রতিবেদকঃ সিএনজি চাপায় গুরুতর আহত হওয়ার পর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদিনের (৫০)।
শুক্রবার (১৩ মার্চ) হাঁটতে বের হলে জালাকান্দি কবরস্থান এলাকায় একটি দ্রুতগামী সিএনজি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
জয়নাল আবেদিনের ভাতিজা মোশারফ মাতাব্বুর তার চাচার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আমার চাচা প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন। একটু পরই শুনি তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় চাচার মৃত্যু হয়। পথচারীরা ঘাতক সিএনজিটিকে আটক করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।