যশোর জেলা প্রতিনিধি।।আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। এবারের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গতকাল বৃহস্পতিবার থেকে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। অথচ সেই নির্দেশ না মেনে গতকাল যশোর শহরে খোলা ছিলো সাইফুরস’, ওরাকল, কনফিডেন্স, পিকাসো, সৃজনশীল, সুপ্রিমসহ প্রায় সব কোচিং সেন্টার।বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ড পরীক্ষাসহ সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয় খতিয়ে দেখেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে কোচিং সেন্টারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ আছে। এই পরিপ্রেক্ষিতে পরীক্ষা শুরুর চার দিন আগেই সব ধরনের কোচিং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত এসএসসি পরীক্ষার সাত দিন আগে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিলো। কিন্তু সরকারি এই নির্দেশনা বেশিরভাগ কোচিং সেন্টারই মানেনি। সেই পরীক্ষার অধিকাংশ প্রশ্নপত্র ফাঁস হয়। এজন্য এবার কোচিং সেন্টার বন্ধের ব্যাপারে মন্ত্রণালয় কড়া নজরদারি করবে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত ২৭ মার্চের এক পরিপত্রে কোচিং বন্ধ রাখার চূড়ান্ত নির্দেশনায় সব ধরনের কোচিং বন্ধের বিষয়ে জানানোও হয়। বলা হয় ‘২০১৮ সনের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম, ডিপ্লোমা-ইন-কমার্স, এইচএসসি ভোকেশনাল এবং এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল কোচিং সেন্টার ২৯ মার্চ হতে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’ সেই হিসেবে গতকাল থেকে সারা দেশে শুধুমাত্র এইচএসসি বা সমমানের নয়, সব ধরনের কোচিং বন্ধ থাকার কথা।কিন্তু গতকাল সকাল ও বিকেলে যশোর শহরের কোচিংপাড়া বলে খ্যাত জজকোর্ট মোড় থেকে পৌরপার্ক এলাকা, সরকারি এমএম কলেজের দক্ষিণ গেট, মুজিব সড়ক ও রেলগেট এলাকায় অবস্থিত কোচিং সেন্টারগুলোতে ব্যাগ কাঁধে শিক্ষার্থীদেরকে কোচিং ক্লাসে যেতে দেখা যায়। তাদের সাথে কথা বলে জানা যায়, কোচিং বন্ধের বিষয়ে তাদেরকে কিছুই জানানো হয়নি। বিকালে রেলগেট এলাকায় এক অভিভাবক তার মেয়েকে কোচিং থেকে নিয়ে বাসায় ফিরছিলেন। ওই অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘টিভি সংবাদে সরকারের নির্দেশ শোনার পর কোচিংয়ে ক্লাস নেয়া হবে কিনা জানতে কোচিং কর্তৃপক্ষকে ফোন করেছিলাম। তারা ক্লাস হবে বলে জানালে মেয়েকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলাম। ওই কোচিংয়ে ক্লাস হয়েছে।’ তিনি কোচিংয়ের নাম উল্লেখ করেননি, তবে কোচিংটি রেলগেট সংলগ্ন বলে জানিয়েছেন। পরে সরেজমিনে মুজিব সড়ক রেলগেট এলাকায় ‘পিকাসো’ কোচিং সেন্টারে গিয়ে সকল কার্যক্রম চলতে দেখা যায়। একটু এগিয়ে ৭৭ মুজিব সড়কের ঠিকানায় চতুর্থ ও পঞ্চম তলায় অবস্থিত ওয়ারিশা এডুকেশন, আইইএলটিএস সেন্টার, এফএম মেথড, লায়ন মু. গিয়াস উদ্দিন প্রতিষ্ঠিত কনফিডেন্সেও গতকাল অফিস খোলা ছিলো। যশোর সরকারি এমএম কলেজের দক্ষিণ গেট এলাকার আশপাশের কোচিংগুলোও ছিলো খোলা। ওই এলাকায় গিয়ে দেখা যায়, জেএসসি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানকারী সৃজনশীল কোচিং সেন্টারে পাঠদান চলছিলো। সাইফুরস’, ওরাকলের কার্যক্রমও যথারীতি চলেছে।জজকোর্ট মোড় থেকে স্টেডিয়াম রোডে যেতে বামপাশে অবস্থিত রাইজিং স্টার কোচিং সেন্টারের এক কর্মকর্তা বলেন, ‘সরকার এইচএসসি ও সমমানের ক্লাস পরিচালনাকারী কোচিং সেন্টারকে বন্ধ রাখতে বলেছে। আমরা তার মধ্যে পড়ি না বলে খোলা রেখেছি। এছাড়া কোচিংয়ে সরকারের পক্ষ থেকে এধরনের কোনো নির্দেশনা পাঠানো হয়নি। এমন নির্দেশনা পাঠানো হলে বন্ধ রাখা হবে।’ পাশেই অবস্থিত আলমাস একাডেমিক কেয়ারেও ক্লাস নেয়া হচ্ছিলো বহাল তবিয়তে। এছাড়া যশোর জেলা প্রশাসন কার্যালয়ের ৫০ গজের মধ্যেই চলছিলো কোচিং ক্লাস।অথচ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি পরীক্ষা উপলক্ষে ‘সব কোচিং সেন্টার অবৈধ’ উল্লেখ করে এগুলো বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষা আইন তৈরি করছি। সে আইনে এ বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে। শিক্ষা আইন পাস হলেই সব কোচিং সেন্টার বন্ধের উদ্যোগ নেয়া হবে।’এবিষয়ে রেলগেট এলাকার পিকাসো কোচিং সেন্টারের পরিচালক মিলন বলেন, ‘আমাদের মতো কোচিং যে বন্ধ রাখতে হবে তা জানতাম না।’ তিনি কয়েকজন বিশিষ্টজনের মাধ্যম দিয়ে রিপোর্টে তাদের নাম দিতে নিষেধ করে প্রতিবেদককে বলেন, ‘শিক্ষামন্ত্রী কখন কী বলে তা তো জানেন। শুধু শুধু রিপোর্ট করে আপনাদের লাভ কী, আমাদের একটু ক্ষতি হবে।’ অফিস খোলা রাখার বিষয়ে জানতে চাইলে কনফিডেন্স কর্তৃপক্ষ ০১৯২২১০২২০৮ নম্বর থেকে জানান, ‘বৃহস্পতিবার কোনো ক্লাস নেয়া হয়নি।’
পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র কোচিং বন্ধ রাখার বিষয়ে বোর্ডের পদক্ষেপ বিষয়ে বলেন, ‘বিভাগীয় কমিশনারের একটি সভায় কোচিং বন্ধ রাখার বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়। এবিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া বোর্ডের এখতিয়ারে নেই।’এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ‘সরকারি নিদের্শনা অনুযায়ী কোচিং বন্ধের বিষয়ে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’উল্লেখ্য, প্রশ্নফাঁস ঠেকাতে এবার পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে একাধিক প্রশ্নের সেট পৌঁছে দেয়া হবে। প্রশ্নফাঁস ঠেকাতে প্রশ্নের প্যাকেটে সিলগালাসহ সিকিউরিটি কোডে ডাবল প্যাকেটের মাধ্যমে কেন্দ্রে প্রশ্ন পাঠানো হবে। লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৪ থেকে ২৩ মে পর্যন্ত


