করোনা ভাইরাস প্রতিরোধে দেশে চলমান লকডাউনের সময় দোকান খোলা রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে এই সময়ের (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) সময়ের পর দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (৫ জুলাই) সকালে রাজধানীর বিজয় সরণি মোড়ের ফোয়ারা পরিদর্শন শেষে মেয়র এ কথা বলেন। এসময় করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।
আতিকুল ইসলাম বলেন, বিজয় সরণি মোড়ে সব সময় যানজট লেগে থাকে। তাই যান চলাচল স্বাভাবিক রাখতে আন্ডারপাস করার পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া সব মোড়কে কীভাবে কানেকটিভিটির মাধ্যমে যানজট নিরসন করা যায়, সে ব্যাপারে চিন্তা করা হচ্ছে।
অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেওয়া উদ্যোগের কথা জানিয়ে মেয়র বলেন, লকডাউনে অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। ৩৩৩ নম্বরে ফোন দিলে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।’
১ জুলাই থেকে ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করেছে সরকার।


