নির্বাচন বাতিলের দাবি মেয়র প্রার্থী আরিফুলের

নিজস্ব প্রতিবেদক, সিলেট : কেন্দ্র দখল, এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে সিলেট সিটি করপোরেশন নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে নগরীর মাছিমপুরস্থ আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলিমুজ্জামানের কাছে এ দাবি জানান তিনি। আরিফ অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা নগরীর আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমসি কলেজ কেন্দ্র, হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, খাসদবির কেন্দ্রসহ নগরীর বেশির ভাগ কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল দিয়েছে।’ এ ছাড়া বেশ কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের তাড়িয়ে দিয়ে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ভোট জালিয়াতির অভিযোগও করেন তিনি। এদিকে, সাংবাদিকদের সাথে আলাপকালে আরিফ নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানিয়েছেন। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলেও উল্লেখ করেন। অবশ্য আরিফের এসব অভিযোগ প্রত্যাখান করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। সকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘আরিফুল হক শুরু থেকেই একের পর এক ভিত্তিহীন, বানোয়াট অভিযোগ করেই যাচ্ছেন। তার এসব অভিযোগে কেউ বিভ্রান্ত হবেন না।’ নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী বলেও উল্লেখ করেন কামরান। সোমবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। দলীয় প্রতীকের এ নির্বাচনে ছয়জন মেয়র প্রার্থী, সংরক্ষিত নয়টি ওয়ার্ডে ৬২ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে ১২৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে ‘ধানের শীষ’ দলীয় প্রতীকের প্রার্থী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আরিফুল হক চৌধুরীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বী ‘নৌকা’ প্রতীকের বদর উদ্দিন আহমদ কামরান। এ ছাড়া নাগরিক ফোরামের ব্যানারে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রতীকে ডা. মোয়াজ্জেম হোসেন, সিপিবি-বাসদের ‘মই’ প্রতীকে আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী ‘হরিণ’ প্রতীকে এহসানুল হক তাহের মেয়র পদে লড়ছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী ভোটার। ভোটকক্ষ ৯২৬টি। ভোটকেন্দ্র ও ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন ২ হাজার ৯১২ জন কর্মকর্তা। এর মধ্যে ১৩৪ জন প্রিজাইডিং অফিসার, ৯২৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৮৫২ জন পোলিং এজেন্ট রয়েছেন।