নীলফামারীতে টিআইবি’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আল-আমিন,নীলফামারীঃ নীলফামারীতে  টিআইবি’র নতুন প্রকল্প “পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনেস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)” বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৩১মে) দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে  জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক),সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার,  জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,সনাক সহ-সভাপতি জাহানারা রহমান ডেইজিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, সাংবাদিক, টিআইবি, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ।
 দুই ঘন্টাব্যাপী আয়োজিত সভায় জানানো হয়, টিআইবি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মাধ্যমে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধে অবদান রাখতে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনেস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প গ্রহণ করেছে। পাঁচ বছর মেয়াদী প্রকল্পটি (জানুয়ারি ২০২২- ডিসেম্বর ২০২৬) ইতোমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন গ্রহণ করেছে। উক্ত প্রকল্পে সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারী শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, নির্মাণ, পরিবেশ এবং প্রযোজ্যক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে সেবার মান, সুশাসনের অবস্থা পর্যবেক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন,  অনিয়ম বা দুর্নীতি কিভাবে হয় তা জানা জরুরী । ঘুষ খাওয়াও যেমন অপরাধ তেমনি ঘুষ প্রদান করাও অপরাধ, তাই জনগনের উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। সরকারি সেবার মান বৃদ্ধিতে টিআইবি ভূমিকা পালন করছে। তিনি প্রত্যাশা করেন টিআইবি ও সনাক কর্তৃক যে নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে তাতে দুর্নীতিবিরোধী মানসিকতার প্রতিফলন থাকবে।