আল-আমিন, নীলফামারী: জেলার ডোমারে পুকুরে ডুবে আমির উদ্দিন(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আমির উদ্দিন উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকার মোঃ রাজা আহম্মেদের ছেলে ও স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র ছিল।
পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে আমির উদ্দিন ও তার চাচাত ভাই আল-আমিন দুজনে স্থানীয় মটুকপুর স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন একটি বড় পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে আমির উদ্দিন পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধারে এগিয়ে যায় তার চাচাত ভাই আল-আমিন। এক পর্যায়ে সেও পুকুরে ডুবে যেতে থাকলে স্থানীয়রা দেখতে পেয়ে পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে। এতে আমির উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
জানতে চাইলে পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্ট পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


