নীলফামারীতে পুলিশ সদস্যদের অভিনয়ে মঞ্চস্থ ‘অভিশপ্ত আগস্ট’

আল-আমিন, নীলফামারী: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন। ওই কালো রাতে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই কালো রাত্রি উপজীব্য করে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়ে গেলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’। 

বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নাটকটির ৭৮ তম প্রদর্শনী মঞ্চায়ন হয়। নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে সপরিবারে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে। বিশেষ করে ১৪ আগস্ট ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুকসহ অন্যান্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ আলেখ্য তুলে ধরা হয়।
নীলফামারীতে প্রথমবারের মতো একসঙ্গে অনেক পুলিশ সদস্য অভিনীত ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটি মন কেড়েছে দর্শকদের। পুলিশ সদস্যদের অভিনয়ে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের দৃশ্যায়নে অতিথিসহ দর্শকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
নাটক শেষে আলোচনা পর্বে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম পিপিএম ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা।
সন্ধ্যায় নাটক শুরুর আগেই বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কর্মী, রাজনৈতিক, ক্রীড়া ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের সংস্কৃতিনুরাগী বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।
প্রসঙ্গত, নাটকটির বিভিন্ন চরিত্রে বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিনয় করেছেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের তথ্য সংকলন ও গবেষণায় এবং পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনায় ও নির্দেশনায় এবং বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘অভিশপ্ত আগস্ট।
নাটক শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে আবেগতাড়িত হন। ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে মঞ্চের মাধ্যমে দর্শকদের সামনে নিয়ে আসায় অতিথিবৃন্দ বাংলাদেশ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। নাটকে অংশগ্রহণকারী কুশীলবদের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।