আল-আমিন,নীলফামারী: নীলফামারীতে গত ২১ দিনে ১০১জন করোনা আক্রান্ত হয়েছে। তৃতীয় ধাপে গত ২৭ জুন প্রথমবারের মতো জেলার সৈয়দপুর ও ডিমলা উপজেলায় একজন করে রোগী শনাক্ত হয়।
এরপর সোমবার (১৮ জুলাই) পর্যন্ত ২১দিনে জেলার ছয় উপজেলায় ১০১ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঁচজন রোগী চিকিৎসাধীন আছেন। বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তৃতীয় ধাপে জেলায় কোরোনা আক্রান্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
২১ দিনে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮৫ জন, ডোমারে দুই জন, ডিমলায় একজন, জলঢাকায় সাত জন, কিশোরগঞ্জে তিনজনসহ সৈয়দপুর উপজেলায় তিন জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনার শুরু থেকে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৬০০জন। এর মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৪২৩জন। মৃত্যু হয়েছে ৭৬জনের। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১০১জন।
সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘তৃতীয় ধাপে জেলায় প্রথম রোগী শনাক্ত হয় গত ২৭জন। ওইদিন সৈয়দপুর উপজেলায় একজন এবং ডিমলা উপজেলায় একজন রোগী শনাক্ত হন।
গত ১৭ জুলাই পর্যন্ত ৯২ জন রোগী ছিলেন। ১৮জুলাই নতুন করে আরো নয় জন শনাক্ত হলে সংখ্যা দাঁড়ায় ১০১জনে। করোনা রোগীদের চিকিৎসায় নীলফামারী জেনারেল হাসপাতালে ১০০টি বিশেষায়িত শয্যা প্রস্তুত আছে। উল্লেখ্য, নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ জন রোগি সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।


