নীলফামারীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়ীতে অবস্থান করছে প্রেমিকা। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রেমিক। ধর্ষণের পর প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানালে প্রেমিকের বাড়ী থেকে বের হতে অস্বীকৃতি জানায় প্রেমিকা। ঘটনাটি ঘটেছে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া গ্রামে। এ বিষয়ে ভুক্তভোগী ওই মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করে। এজাহারের অভিযুক্তরা হলেন ওই এলাকার প্রেমিক মোঃ মমিনুর রহমান (২৫), তার বাবা অফিজার রহমান (৫২), তার মা মোছাঃ আছমা বেগম (৫০)।
দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ‘অভিযুক্ত মমিনুরের সাথে ২বছর ধরে প্রেমের সম্পর্ক ভুক্তভোগী ওই মেয়ের। গত ১৪ই মার্চ সকালে ঘুম থেকে উঠে মেয়ের পরিবারের লোকজনেরা মেয়েকে খুজতে লাগলে এক পর্যায়ে জানতে পারে মেয়ে অভিযুক্ত ছেলের বাড়ীতে অবস্থান করছে। পরে মেয়ের বাবা তাকে ওই বাড়ীতে অবস্থান করার কারণ জানতে চাইলে ভুক্তভোগী মেয়ে জানায় অভিযুক্ত মমিনুর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এখন বিয়ে করার কথা বললে ছেলের পরিবার তাতে অস্বীকৃতি জানায়।’
এব্যাপারে অভিযুক্ত মমিনুরের মা মোছাঃ আছমা বেগম প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করে বিষয়টি কৌশলে এড়িয়ে যান। এবিষয়ে জলঢাকার মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আব্দুর রহিম জানান, মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।