আল-আমিন, নীলফামারী: নতুন বছরের প্রথম দিনে নীলফামারীতে বয়স্ক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারদের টিকা দেওয়া মধ্য দিয়ে করোনা টিকার বুস্টার ডোজ উদ্বোধন করা হয়েছে।
শনিবার(০১ জানুয়ারী/২২) সকালে নীলফামারী সিভিল সার্জন অফিসের আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইপিআই কক্ষে বুস্টার ডোজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধূরী।
গত বছরের ৭ ফেব্রæয়ারী নীলফামারীতে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই দিন নীলফামারীতে প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নেন নীলফামারী জেনারেল হাসপাতালের স্টাফ নার্স সেতু। তিনিই প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী জেলা সিভিল সার্জন ডা.মোঃ জাহাঙ্গীর কবির বলেন,‘যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এবং দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে এমন ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজের আওতায় নিয়ে আসা হবে। গত বছরের ৭ ফেব্রæয়ারী উদ্বোধনের দিন হতে এখন পর্যন্ত আমরা জেলায় ১৩ লক্ষ ডোজ দিতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, বুস্টার ডোজের পাশাপাশি করোনার টিকার অন্যান্য কর্মসূচি চালু থাকবে। আমরা ইতিমধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের করোনা টিকা দিয়েছি। এস এস সি পরীক্ষার্থীদের টিকা দিয়েছি। ওই কার্যক্রম এখনো চলমান রয়েছে।এছাড়াও গ্রাম-গঞ্জের মানুষের সুবিধার্থে আমাদের যেসকল ইপিআই সেন্টার রয়েছে সেখানেও করোনা টিকা দেওয়া হবে।
এসময় টিকা গ্রহণের পাশাপাশি সকলকে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার আহবান জানান সিভিল সার্জন।


