নীলফামারীতে বড়ই বাগানের ফাঁদে শতাধিক পাখি নিধন

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নে বড়ই বাগানে জালের ফাঁদ পেতে শতাধিক পাখি নিধনের অভিযোগ উঠেছে। 

 চড়াইখোলা  ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের লালচান বাদশার বড়ই বাগানে অভিযান পরিচালনা করে মৃত পাখি ও জাল উদ্ধার করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী অঞ্চলের পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির ।
স্থানীয়রা জানান, বড়ই বাগানটির প্রকৃত মালিক ওই গ্রামের হাফিজুল ইসলাম। তিনি লালচানকে বাৎসরিক চুক্তি দিয়েছেন। সে পাখির হাত থেকে বড়ই রক্ষার্থে সূতা দিয়ে বিশেষ ধরনের জাল দিয়ে ঘিরে দেন। এতে গত এক সপ্তাহে শালিক, ঝিঙ্গে, দোয়েল, বুলবুলি, ঘুঘু সহ প্রায় শতাধিক পাখি আটকা পড়ে মারা যায়।
পাখি ও পরিবেশে জীব বৈচিত্র সংরক্ষণ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সভাপতি মোঃ আলমগীর হোসেন জানান, সংগঠনের এক সদস্যের মাধ্যমে খবর পেয়ে ঘটনাটি যাচাই করা হয়। পরে পাখি নিধনের সত্যতা পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে অবগত করা হয়।
জানতে চাইলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী অঞ্চলের পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানের খবর পেয়ে অভিযুক্ত লালচান গা ঢাকা দিয়েছেন। মৃত পাখিগুলো ও জাল উদ্ধার করা হয়েছে। পাখি নিধনের অপরাধে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।