আল-আমিন, নীলফামারীঃ পঞ্চম ধাপে নীলফামারী ডোমার উপজেলার ১০ টি ও কিশোরগঞ্জ উপজেলার ১ টি সহ মোট ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু চলছে। ১১টি ইউনিয়নের মোট ৯১টি কেন্দ্রে একযোগে সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহন চলবে বিকেল চারটা পর্যন্ত।
তীব্র শীতের কারণে সকাল থেকে কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। তবে প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়। ভোট দিতে আসছে সকল বয়সের মানুষেরা।
এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহন। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে এসব কেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি টহলে রয়েছে র্যাব ও বিজিবির সদস্যরা। এছাড়াও এসব কেন্দ্রে তিনটি মোবাইল কোর্ট নিয়োজিত রয়েছে।
প্রসঙ্গত, ১১ টি ইউনিয়নে মোট ১ লাখ ৯৮ হাজার ৯১৬ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।


