আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জে শ্বশুড়বাড়ির লোকজনের মারধরে জামাতা রিপুল হোসেন সাদ্দাম (২৫) মৃত্যুর ঘটনার মামলায় আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার পুটিমারী ইউনিয়নের ছাদুরার পুল নামক স্থানে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে প্রায় হাজারো নারী-পুরুষ অংশগ্রহন করে। নিহত সাদ্দাম উপজেলার পুটিমারী ইউনিয়নের মাঝা পাড়া গ্রামের এয়াকুব আলীর ছেলে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পুটিমারী ইউনিয়ন পনিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদ, ইউপি সদস্য শহিদুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তরা বলেন, মামলা হওয়ার ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কোন আসামী গ্রেফতার করতে পারে নি। আসামীদের অতি দ্রæত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আর যেন এভাবে কোন মায়ের কোল খালি না হয় এবং অকালে এভাবে কাউকে জীবন দিতে না হয়।
উল্লেখ্য যে, গত ৭ই জুন (মঙ্গলবার) রাতে সাদ্দাম একই ইউনিয়নের কাচারী পাড়া শ্বশুড় লুৎফর রহমানের বাড়িতে স্ত্রী রুবাইয়া বেগমকে আনতে যান। এসময় শ্বশুড়বাড়ির লোকজন মেয়েকে পাঠিয়ে দিতে না চাইলে উভয়ের মধ্যে বাকবিদন্ডতা সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্বশুড়-শ্বাশুড়ি, দুই শ্যালকের মারধরে সাদ্দাম গুরুতর অসুস্থ হয়ে পরেন। ওই রাতে সাদ্দামের পরিবার সেখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্যে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ ই জুন বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১০ই জুন কিশোরগঞ্জ থানায় ৭ জনকে নামীয় ও ৪ জনকে অঞ্জাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
জানতে চাইলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, আমরা আসামী ধরার চেষ্টা চালাচ্ছি।


