নীলফামারীতে ১২ দিনেও হোদিস মেলেনি ট্রাক ভর্তি ভুট্টা নিয়ে চালক নিরুদ্দেশ

আল-আমিন, নীলফামারীঃ গত ১২ দিনেও হোদিস মেলেনি ট্রাক ভর্তি ভুট্টা নিয়ে নিরুদ্দেশ হওয়া ট্রাক ও চালকের। এ নিয়ে জলঢাকা থানায় মামলা দায়ের হলেও এখনও কোন কুলকিনারা পাওয়া যায়নি। জানা গেছে, গত ১৬ই জুন দুপুর ১২টার দিকে জলঢাকা উপজেলার খচিমাদা চৌরঙ্গী বাজার থেকে ভুট্টা ব্যবসায়ী বেলাল হোসেনের ৩৬৫ বস্তা ভুট্টা নিয়ে ঝিনাইদহ জেলার সাফদাপুর বাজার হাইস্কুল রোড, কোটচাদপুরের উদ্দেশে রওনা দেয় (ট্রাক নং ঢাকা মেট্রো-ট-২০-২৫৮৭)।

এদিকে ১৭ই জুন ভুট্টা ক্রেতা শরীফুল ইসলাম ভুট্টা বিক্রেতা বেলাল হোসেনকে জানান, তার প্রেরিত ট্রাক ভর্তি ভুট্টা ঝিনাইদহে পৌচ্ছেনি। ভুট্টা মালিক সাথে সাথেই যে ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ট্রাক ভাড়া করে ছিলেন, রংপুর জেলার তারাগঞ্জ ট্রান্সপোর্ট সার্ভিসে ঘটনাটি অবহিত করেন। ট্রান্সপোর্ট এজেন্সি বিষয়টি ক্ষতিয়ে দেখার কথা বললেও পরবর্তিতে কালক্ষেপন শুরু করে বলে অভিযোগ করেন ভুট্টা ব্যবসায়ী বেলাল হোসেন। এদিকে প্রায় ৭ লক্ষ টাকা মুল্যের ভুট্টা ভর্তি ট্রাক ও চালক আবুল হোসেনের (৫৫) কোন হোদিস না পেয়ে ভুট্টা ব্যবসায়ী বেলাল হোসেন ২৫ জুন জলঢাকা থানায় ট্রান্সপোর্ট সার্ভিস, ট্রাক মালিক ও চালকসহ ৫জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৬।

এব্যাপারে জলঢাকা মীরগঞ্জহাট পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা আব্দুর রহীম জানান, ট্রাকটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ভুট্টা ভর্তি ট্রাক নিরুদ্দেশের ঘটনাটি পরিকল্পিত নাকী ভুট্টা ভর্তি ট্রাক ও চালকের কপালে অন্যকিছু ঘটেছে, তা হয়তো পুলিশী তদন্তে বেড়িয়ে আসবে এমনটিই আশা করছেন স্থানীয়রা।