আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় প্রথম পর্যায় জেলার ছয় উপজেলায় ১৩ হাজার ৫৫১ জন সুফলভোগি গ্রামের বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নে মাটি কাটার কাজ করছেন, এর মধ্যে নীলফামারী সদরে ৩৩৬৫ জন, ডোমারে ২১০২, ডিমলায় ২৪৯৯, জলঢাকায় ২৬৪৫, কিশোরগঞ্জে ১৭২৩ ও সৈয়দপুর উপজেলায় ১২১৭ জন। নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, সদরের ১৫ ইউনিয়নে ৩৩৬৫ জন অতিদরিদ্র কাজ করছেন।
এর মধ্যে চওড়াবড়গাছায় ২৫৯ জন, গোড়গ্রামে ২৫১, খোকশাবাড়ী ২২২, পলাশবাড়ীতে ১৯৯, টুপামারী ২৪৪, রামনগর ২০৫, কচুকাটা ২১১, প পুকুর ১৮৫, ইটাখোলা ২১৭, কুন্দুপুকুর ২৬৩, সোনারায় ২৫১, সংগলশী ১৯৩, চড়াইখোলা ২৪৬, চাপড়াসরমজানী ২২৬, লক্ষিচাপ ইউনিয়নে ১৯৩ জন। তিনি আরো বলেন, ২০০৮ সাল থেকে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির আওতায় কাজ করে আসছে, এতে একদিকে যেমন গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, তেমনি সুফলভোগিরা আর্থিকভাবে লাভবান হচ্ছে।
উপজেলার রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. ওবায়দুল ইসলাম বলেন, এই ইউনিয়নে ২০৫ জন অতিদরিদ্র মানুষ ৪০ দিন কাজ করার সুযোগ পেয়েছেন। তারা প্রত্যেকে প্রতিদিন ৪০০/- (চারশত) টাকা হারে ৪০ দিনে ১৬ হাজার টাকা উপার্জন করবে। এই কর্মসূচির আওতায় ওই পরিবার গুলো লাভবান হবে ও ঘুরে দাঁড়াতে পারবেন।
ওই ইউনিয়নের বাহালী পাড়া গ্রামের সুফলভোগি আবু বক্কর সিদ্দিক আবু (৪৫) বলেন, প্রায় পাঁচ বছর ধরে নানা রোগে শোকে বিনা চিকিৎসায় বিছানায় পড়ে আছি। এবার হামার চেয়ারম্যান আমার বউয়ের (স্ত্রীর) নামটা মাটি কাটার তালিকায় দিয়া ভালই করছে। এক প্রশ্নের জবাবে আবু বলেন, বহুদিন থাকি ভালমন্দ খাওয়াতো দূরের কথা, শরীরের চিকিৎসা দিবারও টাকা হাতে নাই। হামার এলার জন্যে সরকার ভালই করছে।
২০২১-২২ অর্থ বছরে প্রথম পর্যায়ে ৪০ দিনের ইজিপিপি কর্মসূচিতে কাচাঁ সড়কে মাটির কাজে জেলার ছয় উপজেলায় ১৩৫৫১জন অতি দরিদ্র (সুফলভোগী) এই কাজের সুযোগ পেয়েছে। তারা প্রতিদিন ৪০০/- (চারশত) টাকা করে ৪০ দিনে মোট ১৬ হাজার টাকা পাবে।
জানতে চাইলে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম বলেন, গরিব ও সুবিধাবি ত জনগোষ্ঠীকে আর্থিক সহায়তাসহ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য জেলার অতিদরিদ্র, মৌসুমী বেকার, শ্রমিক পরিবারের জন্য এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ত্রান ও পূনর্বাসন মন্ত্রনালয়ের সহযোগীতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, এ বছর ইজিপিপি কর্মসূচির মাটি কাটা শ্রমিকদের পারিশ্রমিক মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে পরিশোধ করা হবে।


