নীলফামারীর হাজিগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

আল-আমিন, নীলফামারী : ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে প্রতিমা রানী (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে নীলফামারীতে। ঘটনাটি ঘটেছে, গতকাল ৪ এপ্রিল সোমবার সকালে নীলফামারী সদরের হাজীগঞ্জ বাজারে।
স্থানীয়রা জানায়, প্রতিমা রানী গোড়গ্রাম ইউনিয়নের লক্ষীর বাজার এলাকার সানটেক্সস গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় সকাল ৭টায় কর্মস্থলে যোগদানের জন্য বাড়ি থেকে ব্যাটারী চালিত ভ্যানে আসার সময় হাজিগঞ্জ বাজারের কাছে ওড়না ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় প্রতিমা রানী সড়কে ছিঁটকে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত প্রতিমা রানী চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চন পাড়া গ্রামের নারায়ণের স্ত্রী।
সদর থানার অফিসার ইনচার্জ  আব্দুর রউপ সাংবাদিকদের বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।