‘নুন-তেল কেনার চারডে পয়সা যদি হয় তাই কাজ করতে আইছি’

জেলা প্রতিবেদকঃ আদৃশ্য এক শত্রুর হাত থেকে বাঁচার জন্য সারাদেশের মত মাগুরার মানুষও আজ গৃহবন্দি। শিশুদের দুরন্তপনা কেবলই ঘরে। চেনা শহরটিও যেন এখন বড্ড অচেনা। তবে আছে এর বিপরীত চিত্রও। অনেক স্থানেই পেটের দায়ে নিম্ন আয়ের মানুষ অল্প কিছু হলেও কাজ করছেন। লকডাউনের বিধি-নিষেধ থাকলেও পেটের টানে এসেছেন তারা শহরে। চেনা শহর এখন অচেনা।
যেখানে প্রতিটা সকাল শুরু হত কর্মব্যস্ততা দিয়ে, সেখানে শুধুই শুনসান নিরবর্তা। দিন দিন করোনা সংক্রমণ বাড়ায় কর্মহীন হয়ে পড়ছে নিম্ম আয়ের মানুষ।
এমনি শহরের নিজনান্দুয়ালী এলাকার অশোক কুমার দাস এসেছেন চাল, ডাল, নুন, তেলের টাকা জোগার করতে। পরিবারের সদস্য সংখ্যা ৫ জন।
তিনি বলেন, সংসারে অভাব তাই চারডে নুন-তেলের পয়সা যদি হয় সেজন্যি কাজ করতে আইছি। শুধু অশোক নয় এমন অনেকে পেটের টানে ঘর ছেড়ে বাইরে নেমেছেন কাজের সন্ধানে।
অশোক কুমার দাস বলেন, আমরা ঋসি সম্প্রদায়ের মানুষ। আমাদের মানুষের জুতা, স্যান্ডেল, ব্যাগ, বিভিন্ন জিনিসপত্র সেলাই ও রং করার কাজ করতে হয়। এতে আমাদের আয় তেমন একটা হয় না। তারপর করোনা ভাইরাসের কারণে শহরে কেউ আসে না। চারিদিক শূন্য। কি করবো ঘরে বসে থাকলে তো আমাদের চলে না। তাই যদি কিছু পয়সা হয় সেই আশাতেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে এসেছি।
তিনি বলেন, অনেক সময় গাড়িতে যাওয়ার পথে কেউ কেউ ত্রাণের ব্যাগ দিয়ে যায়। আজ একজন ত্রাণের ব্যাগ দিয়েছে। সরকার আমাদের জন্য অনেক করছে। আমরা চাই আমাদের এই ত্রাণ যেন সঠিকভাবে সাধারণ খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষের কাছে পৌঁছায়।
মাগুরা জেলা দুযোগ ও ত্রাণ কর্মকর্তা নুরুজ্জামান বলেন, মাগুরা জেলায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভাসহ প্রায় ৮ হাজার পরিবারের মধ্যে আমরা জেলা প্রশাসকের নিদেশে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বরদের সঙ্গে নিয়ে নিম্ম আয়ের দিনমুজুর, শ্রমিক, জেলে, কামার, কুমার, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছি। আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। আশা করছি করোনা যুদ্ধ আমরা জয় করতে পারবো।