ক্রীড়া ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইর ত্রিফলা নেইমার দ্য সিলভা, এডিনসন কাভানি ও কালিয়ান এমবাপে। এই তিন তারকা জ্বলে উঠলে সেদিন পিএসজির জয় ঠেকায় কে? রুখতে পারেনি অ্যাঞ্জার্সও। শনিবার রাতে কাভানি, নেইমার ও এমবাপের গোলে অ্যাঞ্জার্সকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। শনিবার ঘরের মাঠে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এ সময় মাঝ মাঠের একটু সামনে থেকে লম্বা পাসে ডানপ্রান্তে ডি বক্সের কাছে বল পেয়ে যান নেইমার। সেখান থেকে একটু সামনে এসে ডি বক্সের মধ্যে এডিনসন কাভানিকে উদ্দেশ্য করে পাস দেন। গোলরক্ষক ও দুজন রক্ষণভাগের খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল ঠিকই খুঁজে পায় কাভানির পা। ফাঁকা পোস্টে বল জড়াতে ভুল করেননি বিশ্বকাপে পড়া ইনজুরি থেকে সেরে ওঠা এডিনসন কাভানি। নতুন মৌসুমে পিএসজির হয়ে শনিবারই তিনি প্রথমবার মাঠে নামেন। গেল মৌসুমে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা মাঠে নেমেই পেয়ে যান গোলের দেখা।

বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকতে পারেনি পিএসজি। ২১ মিনিটের মাথায় পেনাল্টি পায় অ্যাঞ্জার্স। পেনাল্টি থেকে থমাস মাঞ্জানি গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর পরই অবশ্য আবারো লিড নেয় পিএসজি। এ সময় ডি বক্সের সামনে থেকে অ্যাঙ্গেল ডি মারিয়ার বাঁকানো ক্রস ভলিতে জালে পাঠান কালিয়ান এমবাপে। চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল।

পিএসজির তিন নম্বর গোলটিতেও অবদান রাখেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এমবাপে। এ সময় ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে দ্রুত ডি বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করেন এমবাপে। বাধাপ্রাপ্ত হয়ে বল বাড়িয়ে দেন ডি বক্সের সামনে থাকা আদ্রিয়েন র্যাবিওটকে। তাকে বল বাড়িয়ে দিয়েই ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন এমবাপে। সেখানে তাকে আবার বল বাড়িয়ে দেন র্যাবিওট। এমবাপেকে বল পেতে দেখেই তাকে রুখতে পেনাল্টি বক্সের বাইরে চলে আসেন অ্যাঞ্জার্সের গোলরক্ষক। এই সুযোগে এমবাপে বল বাড়িয়ে দেন নেইমারকে। নেইমার আলতো করে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে দেন। এরপর বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেনি পিএসজি। ফলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। এর মধ্য দিয়ে তিন ম্যাচের তিনটিতেই জয় পেল থমাস টাসেলের শিষ্যরা।


