নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ রাস্তার মাথা এলাকায় পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের দুইজন রয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ইমান আলীর স্ত্রী ফিরোজা বেগম, তার ছেলে মোহন। নিহত অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- নিহত মোহনের স্ত্রী বিবি মর্জিনা (২৮), ছেলে মিরাজ খান (৭) ও মাসুদ (৪০)। হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজাহান খান ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজনসহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


