নোয়াখালীতে মারা যাওয়া ইতালি প্রবাসী করোনা পজিটিভ

করোনা ভাইরাস শনাক্ত
জেলা প্রতিবেদকঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া ইতালি প্রবাসীর (৪৫) শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে।  করোনা শনাক্ত হওয়ার পর নিহত প্রবাসীর বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রসাশন এবং একইসঙ্গে ওই বাড়ির ২৯ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহতের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে শনিবার আইইডিসিআর থেকে জানানো হয় তিনি করোনা ভাইরাস পজিটিভ ছিলেন।
জানা যায়, গত নভেম্বর মাসে ইতালি থেকে দেশে আসেন মোরশেদ আলম। কিছুদিন আগে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। জ্বর ও শ্বাসকষ্ট শুরু হলে তিনি স্থানীয় পল্লী চিকিৎসকের পরমার্শ নিয়ে ওষুধ সেবন করেন। কিন্তু গত ১০-১২ দিন আগে তার শরীরের জ্বরের তীব্রতা বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে ঢাকায় পাঠান। কিন্তু তিনি ঢাকা গিয়ে কোনো প্রকার চিকিৎসা না নিয়ে বাড়িতে ফিরে আসেন।
এর পর থেকে তিনি সর্দি, কাশি, উচ্চ মাত্রায় জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার বিকেলে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার ভোরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।