নৌকায় নৌকায় বসেছে পাটের হাট

সিরাজগঞ্জ সংবাদদাতা : নজরকাড়া এমন দৃশ্য দেখা যাবে সিরাজগঞ্জের কাজিপুরে। কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল ঐতিহ্যবাহি নাটুয়ারপাড়া হাটে বন্যায় পানি ওঠার কারণে নৌকাতেই বসানো হয়েছে পাটের হাট। এই হাটে কেনাবেচাও হচ্ছে ভাল। উপজেলার চরাঞ্চলের ৬টি ইউনিয়নের মধ্যে গুরুত্বপূর্ণ এই হাটটি বসে প্রতি সপ্তাহের বুধবার ও শনিবার। ভৌগলিক অবস্থানগত কারণে এমনিতেই নানাবিধ রবি মৌসুমের ফসলের পর্যাপ্ত সরবরাহ ও নদী বেস্টিত হওয়ার কারণে এই হাটটির ব্যাপক পরিচিতি রয়েছে চরবাসিসহ অত্র এলাকার লোকজনের কাছে। সেই সাথে মৌসুমি বিভিন্ন ফসলের ব্যাপক সরবরাহ থাকায় নদী পথে মালামাল বহনের সহজ লভ্যতার কারণে দূরের ব্যবসায়িদের কাছেও হাটটির আলাদা গুরুত্ব রয়েছে। নাটুয়ারপাড়া হাটের সভাপতি শওকত হোসেন ও সদস্য আব্দুর রহিম মাষ্টার জানান, বন্যাজনিত কারণে হাটে পানি ওঠায় নৌকার উপরই বেশিরভাগ বিক্রয় হয়েছে। বিশেষ করে এই অঞ্চলে ব্যাপক পাট উৎপাদন হওয়ায় এ সময়ে হাটে পাটের সরবরাহই বেশি। এই হাটে গত বুধবার ২ হাজার মন পাট কেনাবেচা হয়েছে।