নড়াইলে নিখোঁজ জেলের তিনদিন পর মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

নড়াইলে নদীতে মাছ ধরার সময় ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজের তিনদিন পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে লোহাগড়ার কলাগাছিতে নবগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর রাতে নবগঙ্গা নদীতে ভাই ও ভাতিজার সঙ্গে মাছ ধরতে যান জেলে রাধাকান্ত দাস। এ সময় বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে যান তারা। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হন রাধাকান্ত। এর পর গত দুইদিন তল্লাশি চালিয়েও তার খোঁজ পায়নি ফায়ার সার্ভিস।