পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
রোববার (০৫ এপ্রিল) বিকেলে এ ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন দেবীগঞ্জ উপজেলার সোনাহার ক্লাবগঞ্জ এলাকার ইমান আলীর ছেলে রিপন ইসলাম (১৮) ও বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নলেহাপাড়া এলাকার বাহার উদ্দিনের ছেলে রনি ইসলাম (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ক্লাবগঞ্জ এলাকায় নিজেদের বোরো জমিতে সেচ দিয়ে গিয়ে সেচ পাম্পের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পড়ে রিপন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রোববার বিকেলেই বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নলেহাপাড়া এলাকায় নিজ ঘরের বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি মারা যায়।