জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ ভবনে উপস্থিত হয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ।
হারুন বলেন, ‘বর্তমান সংসদ মহাজোটের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। বর্তমান সংসদকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’
মহাজোটের শরীকদের পদত্যাগ করার আহ্বান জানিয়ে হারুন বলেন, ‘সরকার ফাঁকা মাঠে গোল দিতে চায়। বিএনপি ও তার জোট আগামী নির্বাচনে অংশ না নিলে দেশে কোনো অর্থবহ নির্বাচন হবেনা।’
সরকারের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা দিয়েছে এ পদত্যাগ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।


