আল-আমিন, নীলফামারীঃ নানা চড়াই-উৎড়াই পেরিয়ে প্রমত্তা নদীর বুকে নির্মিত দেশের সবচেয়ে বৃহৎ অবকাঠামো বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে আনন্দে মেতে উঠেছে গোটা নীলফামারী। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দিনে সারা দেশের ন্যায় এ জেলার মানুষেরাও উৎসব, আনন্দ, উল্লাসে মেতে উঠেছে। দিনটি উপলক্ষে সকালে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে বের হয় একটি বিশাল আনন্দ শোভাযাত্রা। এতে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নেতৃত্বে অংশগ্রহণ করে প্রায় ৬ হাজার মানুষ। আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরের সামনে আলোচনা সভার আয়োজন করে। এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল, স্বেচ্ছাসেবী সংগঠন আলো’র প্রধান উপদেষ্টা অধ্যাপক আবুল কালাম আজাদ।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, ‘এই পদ্মা সেতু চালুর মাধ্যমে বদলে গেলো দেশের অর্থনীতি। পদ্মা সেতু হওয়ার ফলে দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক হারে শিল্পায়ন হবে এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। বিশেষ করে কৃষিতে আসবে বৈপ্লবীক পরিবর্তন। সেই সঙ্গে কৃষিভিত্তিক অর্থনীতির ব্যাপক হারে পরিবর্তন সাধিত হবে। পদ্মা সেতু উদ্বোধন ঘিরে এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিনের সাক্ষী হলাম আমরা সবাই।’
তিনি আরো বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর দেশের মানুষেরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশনেত্রীর হাতকে শক্তিশালী করে তুলছে। যার ফলে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ও সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা আল ফারুক পারভেজ উজ্জল, পৌর আওয়ামী লীগের উত্তম তরফদার, জেলা পরিষদের সিএ শ্যামল রায় সহ আরো অনেকে।


