নতুন ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দিয়ে এ ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের হাতে দেওয়ার প্রস্তাব করেছে সরকার।
বৃহস্পতিবার ( ১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উত্থাপন করেন।
অর্থমন্ত্রী বলেন, ক্রেডিট কার্ড ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন লাগবে না। পরিচালক পর্ষদের অনুমতি নিয়েই যেকোনো ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু, প্যাকেজ নির্ধারণ ও অন্যান্য সুবিধা নির্ধারণ করে বাজারে ছাড়তে পারবে।
বর্তমানে বাজারে নতুন ধরনের ক্রেডিট কার্ড চালুর আগে এর শর্ত, সুবিধা ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে অনুমোদন নিতে হয়। প্রস্তাবিত ব্যবস্থা অনুমোদিত হলে সেই প্রক্রিয়া আর বাধ্যতামূলক থাকবে না।
তবে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান ক্রেডিট কার্ড-সংক্রান্ত নীতিমালা ও নিয়ন্ত্রক নির্দেশনা যথারীতি অনুসরণ করতে হবে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়।
এদিন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটের আকার চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।
এ বাজেটে সরকারের মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।


