আল-আমিন, নীলফামারী ঃ পরিবার কল্যাণ সেবা ও প্রচারনা সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সেবা সপ্তাহ আগামী ১৭-২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী সাত দিনের কর্মপরিকল্পনা নিয়ে স্বাস্থ্যকর্মীদের মাঝে আলোচনা করা হয়।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এটি বিশেষ সেবা সপ্তাহ হিসেবে জনগণকে সচেতন করার জন্য মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের আগাম দিক নির্দেশনা দেয়া হয়। এসময় একজন স্বাস্থ্যকর্মী দুইজন দম্পতিকে স্থায়ী পদ্ধতি অথবা র্দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতির আওতায় আনার পরামর্শ দেয়া হয়।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুহেনা মোস্তফা কামাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার রোকসানা বেগম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোয়েল, সৈয়দপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় ছয় উপজেলার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা অংশ গ্রহন করেন।


