আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুবাহী যানবাহন চলাচলে সকল প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
লকডাউন যদি শিথিল হয় এবং দূরপাল্লার বাস যদি চলে তাহলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুবাহী যানবাহন চলাচলের জন্য সকল প্রস্তুতি নিয়ে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী।
মঙ্গলবার (২৯ জুন) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, বর্ষা চলমান। তাই অত্যন্ত সচেতনভাবে সড়ক-মহাসড়কে মনিটরিং জোরদার করতে হবে। সড়কের যেখানে ছোট-খাটো গর্ত হবে সেখানে সঙ্গে সঙ্গে মেরামত করতে হবে। পাশাপাশি নতুন পাশ হওয়া প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের দাপ্তরিক পরিকল্পনা ও প্রস্তুতিমূলক কাজগুলো এ সময়ে এগিয়ে নিতে হবে।
ওবায়দুল কাদের আবারও বিআরটিসিকে লাভের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, গাড়িগুলো যেন সবদিক থেকে স্মার্ট থাকে সেদিকেও বিশেষ নজর দিতে হবে।
শুদ্ধাচার পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নিজের কাজকে ভালোবেসেই কাজ করতে হবে। সবাইকে রুটিন ওয়ার্ক নয়, কাজকে ভালোবেসে কাজে মনোযোগী হওয়ার তাগিদ দেন ওবায়দুল কাদের।


