পাঁচ বছর পর প্রথমবারের মতো নিজ দেশে ফিরেছেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে তালেবান জঙ্গিদের গুলিতে আহত হওয়ার প্রায় সাড়ে পাঁচ বছর পর প্রথমবারের মতো নিজ দেশে ফিরেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। মেয়েদের শিক্ষা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করায় ২০১২ সালে কিশোরী মালালার মাথায় গুলি করেছিল তালেবান বন্দুকধারীরা। এখন ২০ বছরের মালালা সেই নারী শিক্ষার জন্যই কাজ করে চলেছেন।

ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসীর সঙ্গে মালালার বৈঠক করার কথা রয়েছে। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, নিরাপত্তার কারণে মালালার সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল একটি ভিডিও সম্প্রচার করেছে যেখানে কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বেনজির ভুট্টো বিমানবন্দরে বাবা-মায়ের সঙ্গে মালালাকে দেখা গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে মালালার এ সফর চার দিনের হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তিনি তার মালালা ফান্ড গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইসলামাবাদে পৌঁছেছেন। তবে মালালা তার নিজ এলাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সোয়াতে যাবেন কি না তা নিশ্চিত নয়।

পাকিস্তানের মিঙ্গোরাতে মালালা ইউসুফজাইয়ের জন্ম ১৯৯৭ সালের ১২ জুলাই। সেখানে তালেবান জঙ্গিরা নারী শিক্ষার বিরোধী। কিন্তু মালালা বিষয়টি মেনে নিতে পারেননি। মাত্র ১১ বছর বয়সে মেয়েদের স্কুলে যাওয়ার পক্ষে বিবিসি ব্লগে লেখালেখি করে পশ্চিমা বিশ্বের নজর কাড়েন তিনি।

নারী শিক্ষার পক্ষে কথা বলায় ১৫ বছর বয়সে তালেবানের হামলার শিকার হন মালালা। ২০১২ সালের অক্টোবরে স্কুলবাসে করে যাওয়ার সময় তালেবান জঙ্গিরা তাকে গুলি করে। মারাত্মক আহত অবস্থায় তাকে পাকিস্তানের একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। পরে সে দেশেই বসবাস শুরু করেন তিনি।

মালালার ওপর হামলার ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মালালার স্বপ্ন সফল করতে ২০১২ সালের ১০ নভেম্বরকে ‘মালালা দিবস’ ঘোষণা করে জাতিসংঘ। সুস্থ হওয়ার পর মালালা যুক্তরাজ্যে পড়ালেখা শুরু করেন। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তিনি।

পাশাপাশি নারী শিক্ষা বিশেষ করে বিশ্বজুড়ে শিশু শিক্ষা এবং শিশু অধিকারের প্রতি সোচ্চার হয়ে ওঠেন মালালা। পাকিস্তান, জর্ডান, সিরিয়া, কেনিয়া ও নাইজেরিয়ার মেয়েদের শিক্ষার সহায়তায় বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইকে সঙ্গে নিয়ে গঠন করেন মালালা ফান্ড। এর লক্ষ্য হচ্ছে এমন একটি বিশ্ব গড়ে তোলা যেখানে সব নারী শিক্ষা অর্জন করতে পারবে।

২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা। শিশু অধিকার নিয়ে কাজ করায় ভারতীয় শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান তিনি।