পাবনায় এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চরসদিরাজপুর গ্রামে শাজাহান খান (৫০) নামের এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

সোমবার সকালে দোগাছি ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার একটি ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শাজাহান খান চরসদিরাজপুর গ্রামের চন্দ্রর খানের ছেলে। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানান।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) জালাল উদ্দিন জানান, সোমবার সকালে স্থানীয়রা চরসদিরাজপুর গ্রামের হানায়ের ইটভাটায় শাজাহান খানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কারা কী কারণে শাজাহানকে হত্যা করেছে, সেটা জানা যায়নি। তবে পুলিশের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।