পাবনায় ছাত্রলীগের নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম পিন্টুকে (২৮) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে পিন্টুর মৃত্যু হয়। রোববার সন্ধ্যায় তাকে গুলি করে এলোপাথারি কোপায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

নিহতের দাদা জামাল হোসেন পিন্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পিন্টু উপজেলার চর রূপপুর গ্রামের আব্দুল আজাদের ছেলে।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাকশী রূপপুর মোড়ে পিন্টুকে প্রথমে গুলি করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পরে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে মারা যান পিন্টু।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘আমি শুনেছি গুলিবিদ্ধ সদরুল আলম পিন্টু মারা গেছে। বিস্তারিত জানা নেই। পরে বলতে পারব।’

স্থানীয় একাধিক সূত্র ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রলীগ কর্মী জানান, এর আগে একই ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সৌরভ হোসেন টুনটুনির এক হাত কেটে নিয়ে মোটরসাইকেলে উল্লাস করেছিলেন এই পিন্টু। ধারণা করা হচ্ছে, টুনটুনি গ্রুপের লোকজন প্রতিশোধ নিতে তাকে হত্যা করেছে।