পাবনা প্রতিনিধি : পাবনা শহরের লাইব্রেরি বাজারে ট্রাকচাপায় বিন্দু (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ভাই মেহেদী হাসান বিশাল (১৫)। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিন্দু পাবনা পৌর সদরের গোপালপুর আইবি রোড এলাকার শফিকুল ইসলাম বিপুর মেয়ে। সে পুলিশ লাইন্স স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় বিন্দু তার ভাই মেহেদী হাসান বিশালের সাথে মোটরসাইকেলে যাচ্ছিল। পথিমধ্যে লাইব্রেরি বাজারের গ্রিন লিফ স্কুলের সামনে একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিন্দু মারা যায়। গুরুতর আহত বিন্দুর ভাইকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর পালানোর সময় পাবনা বিসিক শিল্পনগরী এলাকা থেকে ট্রাকটি আটক করে স্থানীয় জনগণ। তবে পালিয়ে যায় ট্রাকের চালক।


