পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় স্ত্রীর হাতে স্বামী সাব্বির হোসেন (৩০) খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বেদেনা খাতুন (২৫) কে আটক করেছে পুলিশ। শনিবার দিনগত রাতে উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রামে এ ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সিহাব উদ্দিনের ছেলে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরে সকালে ঘরে সাব্বিরের মরদেহ পাওয়া যায়। প্রতিবেশীদের ধারণা, রাতে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মোবাইল ফোনের চার্জার গলায় জড়িয়ে শ্বাসরোধে সাব্বিরকে করে হত্যা করা হতে পারে। এ বিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনা জানতে পেরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরের স্ত্রী বেদেনা খাতুনকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ চেষ্টা করছে।


