কক্সবাজার প্রতিনিধি : ভারি বৃষ্টিপাতে পাহাড় ধসে মাটিচাপা পড়ে কক্সবাজার শহর ও রামুতে একই পরিবারের চার ভাইবোনসহ পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে দুইজন।
বুধবার সকাল ৬টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়া ঘোনা এলাকা এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সাফায়েত হোসেন।
নিহতরা হলো- কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়া ঘোনা এলাকার মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেনের সন্তান আব্দুল হাই (৬), খাইরুন্নেছা (৮), কাফিয়া আক্তার (১০) ও মর্জিয়া আক্তার (১৫)।
অন্যজন হলো- রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানিরছড়া এলাকার জাগির হোসেনের ছেলে মোরশেদ আলম (৬)।
এ ঘটনায় আহত হয়েছে নিহত চার ভাইবোনের মা ছেনুয়ারা বেগম এবং রামুর পানিরছড়ায় নিহত মোরশেদের বাবা জাগির হোসেন।
নিহতদের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ‘মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের বাঁচামিয়া ঘোনা এলাকায় ভারি বৃষ্টিপাতের সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় পাহাড়ের পাদদেশে বসবাসকারী মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেনের স্ত্রী ছেনুয়ারা বাড়ির সদর দরজার পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এক পর্যায়ে আচমকা বাড়ির পেছনে থাকা উঁচু পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় তার চার সন্তান মাটি চাপা পড়ে।
এ ঘটনায় তাদের মা ছেনুয়ারা চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুদের মাও সামান্য আহত হয়েছেন।’
নিহতদের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান সাফায়েত।
এদিকে, মঙ্গলবার সকালে ভারি বর্ষণের সময় পাহাড় ধসের ঘটনায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানিরছড়া এলাকায় এক শিশু নিহত হয়েছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
সাফায়েত বলেন, ‘রামুর পানিরছড়া এলাকায় ভারি বৃষ্টিপাতের সময় খাদের নিচে থাকা বাড়িতে পাহাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলে এক শিশু মারা যায়। এ সময় শিশুটিকে উদ্ধার করতে গিয়ে আহত হন পিতা জাগির হোসেন।’
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়দের সহায়তায় নিহতের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান সাফায়েত।


