পিকআপে যাত্রী বহন করায় চালক-মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে পিকআপে যাত্রী নিয়ে চট্টগ্রাম শহর থেকে কিশোরগঞ্জ যাওয়ার সময় পিকআপের চালক ও মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডও চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে  জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন।
গ্রেফতার দুইজন হলেন- পিকআপ চালক মো. মাঈন উদ্দীন (২৫) ও গাড়ির মালিক মো. বেলাল উদ্দীন (৬৫)।
এদের মধ্যে মাঈন উদ্দীনের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার পাঠাশালা এলাকায় এবং বেলাল উদ্দীনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সেন্দাশিলপুর এলাকায় বলে জানান ওসি।
ওসি নেজাম উদ্দীন  বলেন, মঙ্গলবার দিবাগত রাতে পিকআপে যাত্রী নিয়ে ওপরে ত্রিপল দিয়ে ঢেকে বগারবিল থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। পথে পুলিশ গাড়ির চালককে আটক করে। পরে চালকের দেওয়া তথ্যে ভোররাতে অভিযান চালিয়ে মালিককে আটক করা হয়।
করোনা ভাইরাস নিয়ে সরকারের নির্দেশনা অমান্য করে যাত্রী পরিবহন করায় গাড়ির চালক, মালিক ও দুই দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দালাল দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ওসি জানান, দালালেরা সাধারণ মানুষকে ভয় লাগিয়ে বাড়িতে চলে যাওয়ার প্ররোচণা দেয় এবং গাড়ির চালক-মালিকের সঙ্গে চুক্তি করে টাকা হাতিয়ে নেয়। সাধারণ মানুষকে হুমকির মুখে ফেলে দেয় এই কর্মকাণ্ডের মাধ্যমে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা মেনে সবাইকে যার যার বাসায় অবস্থান করতে হবে। নিয়ম না মেনে গাড়ি চালিয়ে ও যাত্রী পরিবহন করে যারা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাঁড়াবে তাদের আইনের আওতায় আনা হবে।
এর আগে ১২ এপ্রিল রাতে সরকারি নির্দেশনা না মেনে যাত্রী পরিবহন করায় মাইক্রোবাসের চালক, হেলপার ও মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয় বাকলিয়া থানায়। তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় বাকলিয়া থানা পুলিশ।
১৩ এপ্রিল রাতে মোটরসাইকেল নিয়ে অযথা ঘোরাঘুরি করায় তিন যুবককে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে কোতোয়ালী থানা পুলিশ।