পুকুরে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

উপজেলা প্রতিনিধিঃ সাভারে ঘুরতে এসে চাচাতো ভাইয়ের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে নেমে আলভী (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত অবস্থায় চাচাতো ভাই তানভীরকে উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ি মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আলভী ঢাকার দারুস সালাম থানার গাবতলী কোটবাড়ি এলাকার আক্তার হোসেনের ছেলে। সে রাজধানীর মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

নিহতের চাচা মনোয়ার হোসেন বলেন, আলভী সকালে তার বন্ধুদের সঙ্গে সাভারে ঘুরতে আসে। পরে দুপুরে চাচাতো ভাই তানভীরের সঙ্গে বেগুনবাড়ি মসজিদের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহায়তা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হবে।