পূজা মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবকের পরিবারের পাশে নীলফামারী জেলা প্রশাসক

আল-আমিন নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় দূর্গাপূজা মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৌরাঙ্গ (২২) নামে এক যুবক নিহত হয়েছে।  উপজেলার ধর্মপাল খেরকাটি মাঝাপাড়া দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। নিহত গৌরাঙ্গ ওই এলাকার অমূল্য রায়ের ছেলে। 
এঘটনায় ওইদিন রাতেই গৌরাঙ্গের বাড়ি গিয়ে তার পরিবারকে সহমর্মিতা জানিয়েছেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এসময় শোকাহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি।
স্থানীয়রা জানায়, মন্দিরে মূর্তির মুভমেন্ট সিস্টেমের জন্য ইলেক্ট্রিক লাইনের কাজ করছিল গৌরাঙ্গ। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে মেইন লাইন বন্ধ করে গৌরাঙ্গকে উদ্ধার করে ডোমার বোড়াগাড়ি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে জেলা প্রশাসক খন্দকার  ইয়াসির আরেফীন বলেন, উৎসবের সময় এমন একটি ঘটনা সত্যি হৃদয় বিদারক। ঘটনা জানার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারকে সহমর্মিতা জানানো হয়েছে এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে৷ ভবিষ্যতে যে কোনো সমস্যায় জেলা প্রশাসনের সহযোগিতা পাবে গৌরাঙ্গের পরিবার।