পৃষ্ঠপোষকই পুরস্কার ঘোষণা দিলেন মাদক বিক্রেতাদের ধরতে!

নিজস্ব প্রতিবেদক, খুলনা : জেলায় মাদক বিক্রেতাদের ধরতে লিফলেট দিয়ে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, সেখানে মাদক চোরাকারবারীদের পৃষ্ঠপোষক হিসেবে ১২ জনের তালিকায় ওই পুরস্কার ঘোষণাকারীর নাম রয়েছে।

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে মাদক বিক্রেতাদের ধরতে এই লিফলেটটি বিতরণ করা হয়েছে। মাদক চোরাকারবারীর পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভূক্ত ব্যক্তির এ ঘোষণা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে সেখানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ জুন পুরস্কার ঘোষণা করে এলাকায় এ লিফলেটটি বিতরণ করা হয়। লিফলেটে উল্লেখ করা হয়, ‘মাদক বিক্রেতা মুশা ও হ্যাপীকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, ২ জুন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনি ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান লিটন লিফলেটে নাম উল্লেখ করে মাদক বিক্রেতা মুশা ও হ্যাপিকে ধরিয়ে দিতে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। পাশাপাশি তারা মাদক বিরোধী সমাবেশও করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল। তিনি আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটনের বড় ভাই।

বিষয়টি স্বীকার করে লিটন বলেন, এলাকায় মাদক বিক্রেতা মাদক সম্রাট মুশা ও হ্যাপিকে ধরতে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। তারই অংশ হিসেবে মাদকের পৃষ্ঠপোষক হিসেবে তালিকায় তার নাম উল্লেখ করা হয়েছে।

সূত্র মতে, গোয়েন্দা তালিকা অনুযায়ী খুলনার ৯ উপজেলায় মাদক ব্যবসায়ী ও চোরাকারকারী হিসেবে রয়েছে ১১৮ জনের নাম। এর মধ্যে রূপসায় ২২ জন, তেরখাদায় ২২ জন, দাকোপে ১৮ জন, পাইকগাছায় ৭ জন, কয়রায় ১৪ জন, ডুমুরিয়ায় ৯ জন, বটিয়াঘাটায় ৬ জন, দিঘলিয়ায় ৭ জন ও ফুলতলায় ১২ জনের নাম আছে।

এই তালিকার বাইরে পৃষ্ঠপোষকতা হিসেবে জনপ্রতিনিধিসহ ১২ জনের নাম রয়েছে। তালিকায় বিভিন্ন উপজেলার ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ নেতার নামও রয়েছে। এছাড়া মাদক চোরাকারবারী ও সরবরাহ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তাকারী হিসেবে ১২ পুলিশ সদস্যের নাম রয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, ‘রূপসা আইচগাতীতে মাদক বিক্রেতা মুশা ও তার স্ত্রী হ্যাপী চিহিৃত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। আমরা বিভিন্ন সময় অভিযানে পরিচালনা করছি। এখন তারা গা ঢাকা দিয়ে আছে।’