নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের অক্সিজেন বালুচরা এলাকায় অবস্থিত চট্টগ্রাম রোড ট্রান্সপোর্ট অথরিটিতে নতুন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট আপডেট করতে প্রচণ্ড ভিড় করছেন যানবাহন চালক মালিকরা। নিরাপদ সড়কের আন্দোলনের পর পূর্বের তুলনায় বিআরটিএতে ভিড় বেড়েছে প্রায় তিন গুণের বেশি। প্রতিদিন আগে যেখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জমা পরত একশটিরও কম সেখানে বর্তমানে দৈনিক শুধু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জমা হচ্ছে প্রায় তিনশ। একইভাবে ফিটনেস সার্টিফিকেটের জন্য যেখানে দৈনিক ৫০/৬০টি যানবাহন আসত, সেখানে দৈনিক ফিটনেস সার্টিফিকেট নিতে গাড়ি আসছে ২০০ থেকে ২৫০টি। প্রচণ্ড ভিড় সামলাতে চট্টগ্রাম বিআরটিএতে এখন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা কাজ চলছে বলে বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন। বিআরটিএ চট্টগ্রমের সহকারী পরিচালক (মেট্রো) তৌহিদুল হোসেন জানান, গাড়ির ডকুমেন্ট আপডেট এবং নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখন পূর্বের তুলনায় কয়েক গুণ বেড়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের পর যানবাহন চালক মালিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আগে যেখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য দৈনিক একশর ও কম আবেদন জমা পরত, এখন সেই সংখ্যা দৈনিক প্রায় তিনশ। ড্রাইভিং লাইসেন্সের তুলনামূলক চিত্র তুলে ধরে বিআরটিএর এই কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের আন্দোলনের আগে শিক্ষানবিশ লাইসেন্সের জন্য প্রতিদিন গড়ে ৭৫টি আবেদন জমা পড়ত। বর্তমানে তা বেড়েছে কয়েক গুণ। সর্বশেষ গত রোববার এখানে লাইসেন্সের জন্য আবেদন জমা পড়েছে ১১৫টি। এর একদিন পর সোমবার একদিনেই আবেদন জমা পড়েছে ২৯৮টি। ফিটনেস সার্টিফিকেটের জন্য একই রকম ভিড় রয়েছে চট্টগ্রাম বিআরটিএতে আগে দৈনিক ৫০/৬০টি বিভিন্ন ধরনের যানবাহন ফিটনেস পরীক্ষা ও সার্টিফিকেটের জন্য আসতো। বর্তমানে এই সংখ্যা দৈনিক ২শ’রও বেশি। এ ছাড়া যানবাহনের অন্যান্য ডকুমেন্ট আপডেটের জন্যও একইভাবে ভিড় করছেন যানবাহন চালক মালিকরা। বিআরটিএ কর্মকর্তা তৌহিদুল হোসেন বলেন, ‘সরকারি নির্দেশনায় দৈনিক ৮ ঘণ্টার স্থলে এখন আমরা ১২ ঘণ্টা সেবা দিচ্ছি। আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দিলেও এখন রাত ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। লোকবলের সংকট থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।’


