ক্রীড়া প্রতিবেদক: সোহরাওয়ার্দী শুভর বল বাউন্ডারিতে পাঠিয়ে ছুটলেন বিজয়। এ বাউন্ডারিতে ১৯৯ রান থেকে বিজয় পৌঁছে গেলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে।
ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম ডাবল সেঞ্চুরি এল খুলনার ওপেনার এনামুল হক বিজয়ের ব্যাট থেকে।
শেখ আবু নাসের স্টেডিয়ামে বিজয়ের গগনবিদারী চিৎকার। বিজয়ের চোখে মুখে অন্য রকম এক জয়, বড় কিছু পাওয়ার আনন্দ। ২০১১-১২ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে করেছিলেন ১৯৩ রান। এরপর একাধিক সেঞ্চুরি পেলেও কোনো ইনিংসে দেড়শ পার করতে পারেননি। চার বছর অপেক্ষার পর বিজয় পেলেন প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির স্বাদ। দীর্ঘদিনের আক্ষেপ ঘুচানোয় আজকের ডাবল বিজয়ের জন্য বিশেষ কিছু।
ড্রেসিং রুম থেকে বের হয়ে মাশরাফি বিন মুর্তজা হাততালি দিয়ে বিজয়কে অভিনন্দন জানান। ওখানেই ছিলেন খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক।

বিজয়ের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি উদযাপনটা সাদামাটা থাকে কি করে!
চার বছর আগে ঢাকা মেট্রোর বিপক্ষে নার্ভাস নাইন্টিসে আউট হলেও এবার পথ হারাননি বিজয়। ৩১৭ বলে পৌঁছান ১৯০ রানে। পরের ১৩ রান পেতে খেলেন ১৩ বল। এর মধ্যে ৩টি সিঙ্গল, ১টি ডাবল ও ২টি চারে মাইলফলকে পৌঁছান। সব মিলিয়ে ৩৩০ বলে ১৭ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন।
রংপুরের বোলারদের কড়া শাসন করে ১৫৮ বলে পেয়েছিলেন সেঞ্চুরির স্বাদ। পরের ১০০ রান পেতে খেলেন ১৭২ বল। সব মিলিয়ে ২২ গজের ক্রিজে দারুণ টেম্পারমেন্ট, দক্ষতা, জমাট ব্যাটিং ও অসাধারণ ধৈর্যর পরীক্ষা দিয়ে ল্যান্ডমার্কে পৌঁছেছেন বিজয়।
১৭৩ রানে সোমবার চতুর্থ দিনের খেলা শুরু করেন বিজয়। দিনের শুরু থেকেই রান ক্ষুধায় ছিলেন। তাইতো প্রথম ঘন্টায় পৌঁছে যান ক্যারিয়ারের প্রথম ডাবলে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি বাংলাদেশের ৪১তম ডাবল সেঞ্চুরি।
ডাবল সেঞ্চুরির পর ১৬ রান যোগ করেন নাসিরের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেন বিজয়।


