মোঃ মাহফুজ সৈয়দপুর থানাঃ নিজের নামে একখন্ড জমি আর সেই জমিতে পাকা ঘর হবে- এটা কল্পনা করতে অবাক লাগে। প্রধানমন্ত্রী আমার মতো ভূমিহীনের খোঁজ নিয়ে অভিভাবকের কাজটি করে দিলেন।” কান্না মিশ্রিত কন্ঠে কথাগুলো বললেন, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে অসুস্থ্য স্বামীকে নিয়ে জীবনযাপন করা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের টটুয়া বান্নী এলাকার গৃহহীন ফুলবাসী বালা।
মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারকে বাড়ি নির্মাণ করে দিয়েছেন। সরকারে ‘মুজিব ছায়া’ প্রকল্পের আওতায় গৃহহীন ওইসব পরিবার পাচ্ছে দুই কক্ষ বিশিষ্ট ঘর, একটি বাথরুম, দুটি করে ফ্যান, লাইট ও একটি টিউবওয়েল। কাল রোববার (১০ এপ্রিল) সকালে গণভবন থেকে ভার্চুয়ালে অংশ নিয়ে গৃহহীনদের মাঝে এসব বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র মতে, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ৪৯৫টি থানায় গৃহহীনদের জন্য একটি করে বাড়ি নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। যার নামকরণ করা হয়েছে ‘মুজিব ছায়া’। স্থানীয়দের দানকৃত জমিতে সরকারী অর্থায়নে পুলিশ প্রশাসনের সার্বিক তত্বাবধানে ইতিমধ্যে বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন করেছে। যার ফলশ্রুতিতে নীলফামারীর ভূমিহীন এমন ছয়টি পরিবার মুজিব ছায়ার তলে আশ্রয় খুুঁজে পাচ্ছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, উপজেলার গয়াবাড়ি বাজারের পাশে আড়াই শতক জমির ওপর নির্মাণ করা হয়েছে মুজিব ছায়া প্রকল্পের একটি বাড়ি। নির্মাণাধীন বাড়িটি পাচ্ছেন ওই বাজারে পলিথিনের ছাউনির নীচে দিনাতিপাত করা শারিরীক প্রতিবন্ধী তছিরন বেওয়া (৬৫)।
তিনি জানান, উর্ধতণ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঘরের নকশা, কাজের গুণগত মান রক্ষা এবং ফলজ বৃক্ষরোপণ করা হয়েছে। মুজিব ছায়া প্রকল্প বাস্তবায়নের জন্য সৈয়দপুর বাইপাস মহাসড়কের পাশে দুই শতক জমি দান করেছেন যুবলীগ নেতা মো: মোস্তফা ফিরোজ। কুন্দল মৌজার বিএস ২৪০ নম্বর খতিয়ানের ৫০৮ নম্বর দাগে অবস্থিত এ জমি। সৈয়দপুর ভূমি অফিসের মাধ্যমে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ভূমিহীন গজেন্দ্র নাথকে দলিল মুলে রেজিস্ট্রি করে দেয়া ওই জমির বর্তমান বাজার মুল্য প্রায় ৮ লাখ টাকা।
জমিদাতা মোস্তফা ফিরোজ জানান, বঙ্গবন্ধুর জন্য আমি কৃতজ্ঞ। আমি ৭১ দেখিনি, শুনেছি। জাতীর পিতা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন। যার জন্য আজ স্বাধীনতার সুফল ভোগ করছি। পাশাপাশি যে কোন মুর্হুতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তাঁর সকল কর্মকান্ডে আমার একনিষ্ট অংশ গ্রহন থাকবে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমিরুল ইসলাম জানান, মুজিব ছায়ায় বসবাসকারীদের মৌলিক অধিকার সমুন্নত রাখতে সহজ যোগাযোগ, নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়টিকে প্রাধান্য নিয়ে জায়গা নির্বাচন করা হয়েছে। আগামীকাল রোববার সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে একযোগে এ প্রকল্প উদ্বোধন করবেন।


