পয়লা বৈশাখ নির্বিঘ্নে উদযাপন করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : পয়লা বৈশাখ নির্বিঘ্নে উদযাপন করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, পয়লা বৈশাখ বাঙালির প্রাণের সার্বজনীন উৎসব। এ উৎসব নির্বিঘ্নে যাতে মানুষ করতে পারে, সেজন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগেই স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মানুষ জঙ্গিদের দেশ থেকে বিতাড়িত করতে চাইছে। জঙ্গিরা কিছু করার প্রচেষ্টা করলে জনগণ তাদের প্রতিরোধে এগিয়ে আসছে। ময়মনসিংহেও জঙ্গি উত্থানের প্রচেষ্টা চলছিল। নিরাপত্তা বাহিনী জানমালের কোনো ক্ষতি না করেই তাদের আইনের আওতায় এনেছে। জনগণ সহযোগিতা করলে কোনো কাজই অসাধ্য নয়।

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মক্কা ও মদীনা শরীফের ইমামরা আসছেন। তাদের নিরাপত্তার বিষয় মন্ত্রী বলেন, সুন্দরভাবে এ আয়োজন শেষ করতে নিরাপত্তা বাহিনী তৎপর ও সতর্ক রয়েছে।

জঙ্গিরা যে দলেরই হোক কোনো ছাড় নেই- উল্লেখ করে তিনি বলেন, যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদেরই আইনের আওতায় আনা হবে। আইন সবার জন্য সমান।

বিভিন্ন সময়ে জঙ্গি নির্মূল অভিযানে পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা জীবন দিয়ে প্রমাণ করেছে, তারা দেশকে কত ভালোবাসে। তারা জঙ্গি আক্রমণ প্রতিহত করেছে।

পরে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞা, মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) ড. হারুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী ময়মনসিংহ পৌঁছেই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় তারা পৃথকভাবে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।