ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে করোনায় আক্রান্তের সংখ্যা একশত ছাড়ালো। জেলার অন্যান্য উপজেলার থেকে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশিই। উপজেলা স্বাস্থ্য বিভাগ সর্বমোট ৫৩৪ টি নমুনা সংগ্রহ করে যার ভিতর থেকে ৫০১ টি নমুনার ফলাফল হাতে আসে উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে।
আর এই ৫০১ টি ফলাফলের মধ্যে মোট ১১০ টি ফলাফল পজেটিভ আসে। যার মধ্যে পুরোপুরি সুস্থ হয়েছেন ৪৭ জন। আর বাকী ৫৮ জন চিকিৎসা নিচ্ছেন নিজ বাড়িতেই। এখন অবদি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫ জন। আর এই ৫ জনের দুই জন চিকিৎসক,একজন গ্রাম পুলিশ রয়েছেন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন একজন।
উপজেলার বেতাগা ইউনিয়নে মোট আক্রান্ত হয়েছেন ১৩ জন। যার ভিতর ৮ জন পুরুষ ৪ জন মহিলা ও এক শিশু রয়েছে। এই ১২ জন করোনায় আক্রান্ত রোগীর ভিতর ১১ জন সুস্থ হয়েছেন এবং ২ জন এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন।
লখপুর ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ৬ জন। যার ভিতর ৪জন পুরুষ ও ২ জন মহিলা। এই ৬ জন আক্রান্ত রোগীর মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন আর বাকী ৩ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।
পিলজংগ ইউনিয়নে আক্রান্ত হয়েছে ৭ জন। যার ভিতর ৫ জন পুরুষ ২ একজন মহিলা। আক্রান্তদের ভিতর একজন সুস্থ ও বাকী ছয়জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উপজেলার সবথেকে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা সদর ইউনিয়নে। এই ইউনিয়নে মোট আক্রান্তের সংখ্যা ৩১ জন।
যার ভিতর ২১ জন পুরুষ, ৯ জন মহিলা ও এক শিশু। আর এই ইউনিয়নে মৃত্যুবরণ করেছেন ৩ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারিদের ভিতর একজন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ উপেন্দ্রেনাথ পাল, হেমায়েত নামের এক চায়ের দোকানি, ও গ্রাম পুলিশ আব্দুস সালাম । অত্র ইউনিয়নে সুস্থ হয়েছেন ১২ জন ও চিকিৎসাধীন আছেন ১৭ জন। নলধা-মৌভোগ ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ১১ জন। যার ভিতর ৭ জন পুরুষ, ৪ জন মহিলা। সুস্থ হয়েছেন ৩ জন ও চিকিৎসাধীন রয়েছেন ৮ জন।
বাহিরদিয়া-মানসা ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ৩১ জন। যার ভিতর ২৫ জন পুরুষ, নারী ৫ জন ও শিশু একজন। সুস্থ হয়েছেন ১২জন, মৃত্যুবরণ করেছেন ২ জন । আর মৃত্যুবরণ কারী ২ জন বাবা ছেলে, মাত্র কয়েক ঘন্টার ভিতর বাবা ছেলের মৃত্যু হয়। চিকিৎসাধীন আছেন ১৭ জন। উপজেলার সবথেকে কম সংক্রমিত হয়েছে শুভদিয়া ইউনিয়নের মাত্র একজন। এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। মূলঘর ইউনিয়নে মোট আক্রান্তের সংখ্যা ১০ জন যার ভিতর ৭ জন পুরুষ, ৩ জন মহিলা। সুস্থ হয়েছেন ৫ জন ও চিকিৎসাধীন আছে ৫ জন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার বলেন, উপজেলায় সংক্রমণের সংখ্যা বেড়ে গিয়েছে অনেক। তবে এর প্রধান কারণ হল, জনসাধারণের অসচেতনতা। যার কারণে সংক্রমণের হার বেড়ে গিয়েছে। সকলের উচিৎ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা।
এব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন,উপজেলায় সংক্রমণ ঠেকানোর জন্য আমরা চেষ্টা করছি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যাপারে উপজেলা পরিষদের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে। গত ঈদুল ফিতর এ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষের আগমণের ফলে সংক্রমণ বেড়েছে। তবে এই ঈদুল আযহায় আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করছি। বাস্তবায়ন করতে পারলে আশা করি সংক্রমণের ঝুকি কমে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন বলেন,আমরা জনসাধারণের মাঝে সার্বিকভাবে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে ফকিরহাট উপজেলার বর্ডার এলাকায় চৌকি দেওয়ার ব্যাপারে আলোচনা করছি। আমরা চেষ্টা করছি আর যাতে কেউ সংক্রমিত না হয়।


