ফরিদপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে দুইজন নিহত

ফরিদপুর প্রতিনিধি : শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসচালক মো. ইব্রাহিম (৪০) ও হেলপার মো. হাবিব (৩৫)। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

ফরিদপুর-বরিশাল মহাসড়কে তুহিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তুহিন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সেখানে দুইজনের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি শেখ মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে।