ক্রীড়া ডেস্ক : ঘরোয়া ট্রেবল ধরে রাখার পথেই আছে পিএসজি। সেমিফাইনালে মোনাকোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।
চলতি মৌসুমে পিএসজি এরই মধ্যে লিগ কাপ জিতে নিয়েছে ফাইনালে মোনাকোকে ৪-১ গোলে হারিয়ে। লিগ ওয়ানের শিরোপা লড়াইটাও হচ্ছে এই দুই দলের মধ্যেই। আগামী ২৭ মে ফ্রেঞ্চ কাপের ফাইনালে অ্যাঙ্গার্সের মুখোমুখি হবে পিএসজি।
আগামী সপ্তাহে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ‘বিগ’ ম্যাচ, বুধবার রাতে পিএসজির বিপক্ষে তাই কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওসহ দলের মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন মোনাকো কোচ লিওনার্দো জার্দিম।
প্যারিসে মোনাকোর তরুণ দলটি অবশ্য প্রথমার্ধে ভালো দুটি সুযোগ তৈরি করেছিল। তবে দারুণ দুটি সেভে দুবারই অতিথিদের হতাশ করেন পিএসজির গোলরক্ষক আলফোনসে অ্যারোলা।
পিএসজি এগিয়ে যেতে পারতো ম্যাচের চতুর্থ মিনিটেই। ডানদিক থেকে অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্রসটা ছোট বক্সের ভেতরে পেয়েছিলেন এডিনসন কাভানি। সামনে শুধু গোলরক্ষক। কিন্তু কাভানির দুর্বল হেডটি অতিথি গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি।
অবশেষে ২৮ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন জুলিয়ান ড্রাক্সলার। ডি মারিয়ার শট মোনাকো গোলরক্ষক ধরতে ব্যর্থ হলে সেটি থেকে বল জালে জড়িয়ে দেন জার্মান মিডফিল্ডার।
পাঁচ মিনিট পরই মোনাকোর দুর্বল রক্ষণের সুযোগে ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা। ডি মারিয়ার বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন প্রথম দিকে সুযোগ হাতছাড়া করা উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিট) স্বাগতিকদের আত্মঘাতী গোল উপহার দেয় অতিথিরা। ডি মারিয়ার ক্রস থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন অভিষিক্ত সাফওয়ান এমবায়ে।
৫২ মিনিটে ডি মারিয়ার বাড়ানো বল থেকে স্কোরলাইন ৪-০ করে ফেলেন ব্লাইসি মাতুইদি। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন মার্কোস কোরেয়া।


