ফাহাদ হত্যা মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর 

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার ঢাকার দ্রুতবিচার ট্রাইবুনাল-১ এ স্থানান্তর করে আদেশ জারি করেছে সরকার।
রোববার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বহুল আলোচিত এই হত্যা মামলা স্থানান্তর করে আদেশ জারি করা হয়। এরআগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ১২ মার্চ মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর সংক্রান্ত ফাইল অনুমোদন করেন।
দ্রুতবিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত বছরের ৬ অক্টোবর দিনগত রা‌তে ফাহাদকে নির্দয়ভাবে পেটান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। প‌রে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রে।
এ ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। আবরার হত্যা মামলায় এর ম‌ধ্যে চার্জ‌শিটভুক্ত ১৬ জনসহ মোট ২১ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী।
আবরার হত্যাকাণ্ডের পর তার পরিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ মামলাটি জরুরি বিবেচনা করে দ্রুতবিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে অনুরোধ জানিয়েছিলেন। আইনমন্ত্রী তখন এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আশ্বাস দেন।