জেলা প্রতিবেদকঃ ফেনীর দাগনভূঞা উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বজলুর রহমান (৬৮) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুয়াজ্জিনে বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) দিনগত রাতে তার মৃত্যু হয়। বজলুর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান জানান, মৃত ওই মুয়াজ্জিনের করোনা পরীক্ষার জন্য সকালে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত বলেন, ওই মুয়াজ্জিন বেশ কিছুদিন যাবত জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।


