ফেনীতে কর্মহীনদের জন্য ৭০ মে. টন চাল দিলেন  চৌধুরী নাসিম

নিজস্ব প্রতিবেদকঃ ফেনী জেলার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য ৭০ মেট্রিক টন চাল খাদ্য সহায়তা দিয়েছেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
রোববার (১২ এপ্রিল) দুপুরে ফেনী পৌরসভা প্রাঙ্গণে ত্রাণ বিতরণে উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজজামান, ফেনী পৌরসভা মেয়র হাজী আলাউদ্দিন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পরশুরাম পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল প্রমুখ।
করোনা ভাইরাস সংক্রমণরোধে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে বন্ধ হয়েছে গণপরিবহন। ওষুধ এবং নিত্যপণ্যের দোকান ব্যতীত সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। কাজ না থাকায় চরম আর্থিক সংকটে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
খাদ্যসামগ্রী বিতরণ বিষয়ে পরশুরাম পৌরসভা মেয়র সাজেল জানান, প্রত্যেক উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টন করে ছয় উপজেলায় ৬০ টন ও ফেনী পৌর এলাকায় ১০ টন চাল সহায়তা দেওয়া হয়েছে।
তিনি জানান, প্রত্যেক উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণের এমপি নিজাম উদ্দিন হাজারী নির্দেশ দিয়েছেন। নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা উদ্ভুত পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।