ফেনীতে ডাকাত দলের সদস্যদের গোলাগুলিতে ছয় পুলিশ ও এক আন্তঃজেলা ডাকাতসহ সাতজন আহত

ফেনী : সোমবার রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জে চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- এএসআই সেলিম জামান সরকার, পুলিশ কনস্টেবল মোরশেদ আলম, আরিফুল ইসলাম, অং সিং, মজিবুল হক ও মো. শাহীন।

আহত পুলিশ সদস্যরা ফেনী সদর ও সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিচ্ছেন। এ সময় গুলিবিদ্ধ এনামুল হক (২৫) নামের এক ডাকাতকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ এনামুল হক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার শ্যামেরগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, দুটি গুলি, একটি মোবাইলফোন সেট ও কয়েকটি ছোরা উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জে চৌরাস্তা এলাকায় ১৬ জনের একদল সশস্ত্র ডাকাত অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে সংবাদ পেয়ে পুলিশও ওই এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও আত্মক্ষার্থে ২০টি গুলি ছোঁড়ে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এনামুল হক নামের একজনকে আটক এবং অস্ত্র-গুলি উদ্ধার করে।

গুলিবিদ্ধ এনামুল হককে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আলম বলেন, ‘আহত চার পুলিশ সদস্যের আঘাত সামান্য হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘পুলিশ-ডাকাত গোলাগুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এনামুলের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র ও ডাকাতির অভিযোগে সাত-আটটি মামলা রয়েছে।’